দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের পর তিনি সাংবাদিককে বিভিন্ন ধরনের হুমকি দেন এবং চাকরিচ্যুত করার ইঙ্গিত দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী মো. তৌফিকুল ইসলামকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মতিউর রহমান সাগরের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডি, সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করেন শরীয়তপুর জেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহান।
সংবাদ প্রকাশের পর সাংবাদিকের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে মতিউর রহমান সাগর বার্তা পাঠিয়ে হুমকি দেন বলে অভিযোগ করা হয়। অভিযোগ অনুযায়ী, বার্তায় তিনি লেখেন, ‘আপনি কি সাংবাদিক, না সাংঘাতিক? আমার বক্তব্য ছাড়া নিউজ করলেন কীভাবে? ওসির দালালি করেন না। ঠিক আছে, আমি অপু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছি।’ অভিযোগে বলা হয়েছে, তিনি এ সময় সাংবাদিকের চাকরির বিষয়ে প্রভাব খাটানোরও ইঙ্গিত দেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিউর রহমান সাগর সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার না করে বলেন, ‘পাড়লে আপনারা কিছু করেন। আমার এক মাসের আয় আপনাদের এই সাংবাদিকদের পেছনে খরচ করে হলেও দেখে নেব। বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না। যারা আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে, তাদের সবার বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেব।’
দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহান বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালন করে তথ্য-প্রমাণ এবং অভিযুক্তের বক্তব্য নিয়েই সংবাদ প্রকাশ করেছি। এরপরও এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে আমি প্রেসক্লাব ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছি। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেব।’
শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্বেগজনক। সাংবাদিকরা এ ধরনের হুমকিকে ভয় পান না এবং পেশাগত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।’
এমএম/